ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান আহম্মেদ প্রধানের নিখোঁজ হওয়া এবং পরবর্তীতে তাকে উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা শেখ তানভীর বারী হামিম।
শনিবার (১৩ জুন) নিজের ফেসবুক পোস্টে হামিম দাবি করেন, জিসান নিখোঁজ হওয়ার খবর প্রকাশের পর জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা যাচাই-বাছাই ছাড়াই ঘটনাটিকে ‘গুম’ হিসেবে প্রচার করতে শুরু করেন। এমনকি কেউ কেউ বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলে দেশে গুমের রাজনীতি ফিরে এসেছে বলেও মন্তব্য করেন।
হামিম বলেন, পরবর্তীতে জিসানকে উদ্ধারের পর বিভিন্ন গণমাধ্যমে তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু অভিযোগ সামনে এসেছে। এসব অভিযোগের মধ্যে এক নারীর সঙ্গে সম্পর্ক, বিয়ের প্রতিশ্রুতি এবং এ-সংক্রান্ত মামলা থাকার বিষয়ও উঠে এসেছে বলে তিনি উল্লেখ করেন।
ফেসবুক পোস্টে ছাত্রদল নেতা আরও বলেন, প্রকৃত তথ্য যাচাই না করেই সরকারের ওপর দায় চাপানোর চেষ্টা করা হয়েছিল। তার ভাষায়, ‘যাচাই-বাছাই না করে সরকারের ওপর দায় দেওয়া শুরু হয়েছিল। এভারেজ জামাত-শিবিরের চরিত্র এমনই। এ ঘটনা ভবিষ্যতের জন্য সাইনমার্ক।’
তবে জিসান আহম্মেদ প্রধানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।