গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ অন্য সমন্বয়কদের সাথে হাতাহাতি পর্যন্ত করেছেন বলে দাবি করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।
সোমবার (২৫ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এই দাবি করেন।
রাশেদ খাঁন লেখেন, ‘শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে অন্য সমন্বয়কদের সাথে হাসনাত আব্দুল্লাহর হাতাহাতি পর্যন্ত হয়েছে! নাহিদ আসিফ ডিবিতে মার খেতো, আর হাসনাত সারজিস ডিবি কার্যালয়ের পুকুরপাড়ে জুস খেত।’
পোস্টে তিনি একটি অডিও আপলোড করে লেখেন, ‘কেন জুস খাওয়াতো এই অডিওতে শুনতে পাবেন। আমি বিএনপির এমপিদেরকে বলবো, সংসদে সে যখন বেশি কথা বলবে, তখন এই অডিওটা বেশি বেশি বাজাবেন বলেও আহ্বান জানান তিনি।’
হাসনাত-সারজিস জাতির সঙ্গে বেইমানি করেছে দাবি করে তিনি লেখেন, ‘আমি পূর্বে বলেছিলাম, গণঅভ্যুত্থানের সময় হাসনাত ও সারজিসের দুর্বলতা থাকার কারণে তারা পরবর্তীতে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করে।
কিন্তু প্রকৃতপক্ষে তারা আওয়ামী লীগের পক্ষেরই লোক। একজন উপদেষ্টা শপথ নেওয়ার আগে ৭ আগস্ট রাত ২ টার দিকে বলেছিলো হাসনাত-সারজিস জাতির সাথে বেইমানি করেছে।’
অডিওটি হাসনাত-সারজিসের বেইমানির প্রমাণ উল্লেখ করে তিনি লেখেন, ‘এই অডিওতে সেই বেইমানির কিঞ্চিৎ প্রমাণ পাবেন। আসিফ মাহমুদের বইতে গণঅভ্যুত্থানে শুধুমাত্র ইতিবাচক দিকটা উঠে এসেছে, কিন্তু হাসনাত-সারজিসের বেইমানির ইতিহাসটা আসে নাই।
আশা করি, পরবর্তী এডিশনে আমরা সেটা পাবো….. আর না পেলে ৭১ এর মত ২৪ এর বানোয়াট ইতিহাসই আমাদের সম্বল হবে।’