হবিগঞ্জে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বুধবার (২৯ জুলাই) আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।
এদিকে, হবিগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচিতে হামলার অভিযোগের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এনসিপির দপ্তর সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হবিগঞ্জে দলের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি শেষে ফেরার পথে মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনায় দলটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার দেশের সব মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার সময় সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। এনসিপির দাবি, স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালায়। হামলার ঘটনায় কয়েকজন সাংবাদিক ও এনসিপির নেতাকর্মী আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংশ্লিষ্টদের নিরাপদে সরিয়ে নেয়।
তবে হামলার অভিযোগের বিষয়ে বিএনপি বা ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।