জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ক্রমেই সংকুচিত হচ্ছে এবং বিচারহীনতার সংস্কৃতি রোধে ছাত্রশক্তিকে প্রস্তুত থাকতে হবে।
বুধবার বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলা ছাত্রশক্তির নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতিতে সরকারের মধ্যে সংস্কারবিমুখ প্রবণতা দেখা যাচ্ছে। বিচার বিভাগের স্বাধীনতাসহ রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান তাদের স্বাভাবিক কার্যকারিতা হারাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে কাজ করার আহ্বান জানান এবং ছাত্রশক্তিকে শিক্ষার্থীদের আস্থার সংগঠন হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ছাত্রশক্তির কমিটিতে পদ পাওয়া ক্ষমতার প্রতীক নয়, বরং এটি দায়িত্ব ও জবাবদিহিতার বিষয়। তিনি সংগঠনের নেতাকর্মীদের গ্রুপিং রাজনীতি, কোরামবাজি, টেন্ডারবাজি ও চাঁদাবাজি থেকে দূরে থাকার নির্দেশ দেন।
শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বিতর্ক, সভা-সেমিনার ও শিক্ষাবান্ধব কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের আস্থা অর্জনের আহ্বান জানান তিনি।
সভায় তিনি আরও বলেন, আসন্ন কোরবানির ঈদের আগেই প্রতিটি ইউনিয়নে সংগঠনের কমিটি গঠন সম্পন্ন করতে হবে এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে হবে। একই সঙ্গে সংগঠনের সদস্যদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যসহ সব কার্যক্রম পর্যবেক্ষণের আওতায় থাকবে বলেও জানান তিনি।