সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

অন্যান্য

বাংলাদেশে ইসকনের অস্তিত্ব এবং বিশ্বের যেসব দেশে নিষিদ্ধ ‘ইসকন’

চীনে ইসকনের কার্যক্রমের অনুমতি নেই, কারণ দেশটি বিদেশি ধর্মীয় সংগঠনের প্রকাশ্য কার্যক্রম নিষিদ্ধ করেছে। মালয়েশিয়াতেও ইসকন নিষিদ্ধ, সংগঠনটির বিরুদ্ধে প্রকাশ্যে ধর্মান্তরকরণের অভিযোগ রয়েছে

নিউজ ডেস্ক

০১ নভেম্বর ২০২৫, ১১:৫৫

ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস বা ইসকন (আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ) প্রতিষ্ঠিত হয় প্রায় ৫৮ বছর আগে। বর্তমানে বিশ্বের প্রায় শতাধিক দেশে সংগঠনটির কার্যক্রম রয়েছে, যদিও কিছু দেশে এটি নিষিদ্ধ।

ইসকনের প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। ১৯৬৬ সালের ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ইসকন মূলত বৈষ্ণব ধর্মের একটি শাখা, যার আধ্যাত্মিক ও ধর্মীয় চর্চার মূল কেন্দ্র ভগবান কৃষ্ণ।

ভক্তিযোগ বা কৃষ্ণভাবনামৃত সংস্কৃতি হাজার বছরের ঐতিহ্য বহন করে এসেছে ভারতবর্ষে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই সংস্কৃতি ভারত সীমা পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসকন একটি প্রভাবশালী ধর্মীয় সংগঠন হিসেবে পরিচিতি লাভ করে।

ইসকনের কর্মসূচি ও কার্যক্রম

ইসকনের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে মন্দির স্থাপন ও রক্ষণাবেক্ষণ, শ্রীমদ্ভগবদগীতা প্রচার, ভক্তিমূলক ধর্মচর্চা, আধ্যাত্মিক উপদেশ, এবং দাতব্য কার্যক্রম। সংগঠনটি যোগব্যায়াম, ভক্তি শিক্ষা ও আধ্যাত্মিক জীবনধারার প্রশিক্ষণমূলক কর্মসূচিও পরিচালনা করে।
এছাড়া, তারা সমাজসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে অভাবীদের মাঝে বিনামূল্যে নিরামিষ খাদ্য বিতরণ করে থাকে, যা তাদের অন্যতম মানবিক উদ্যোগ হিসেবে পরিচিত।

যেসব দেশে নিষিদ্ধ ইসকন

সাবেক সোভিয়েত ইউনিয়নে ১৯৭০ ও ১৯৮০-এর দশকে ইসকন নিষিদ্ধ ছিল। তবে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর সংগঠনটি রাশিয়া ও অন্যান্য প্রাক্তন সোভিয়েত রাষ্ট্রে পুনরায় সক্রিয় হয়।
চীনে ইসকনের কার্যক্রমের অনুমতি নেই, কারণ দেশটি বিদেশি ধর্মীয় সংগঠনের প্রকাশ্য কার্যক্রম নিষিদ্ধ করেছে।
মালয়েশিয়াতেও ইসকন নিষিদ্ধ, সংগঠনটির বিরুদ্ধে প্রকাশ্যে ধর্মান্তরকরণের অভিযোগ রয়েছে। এছাড়া শিয়াশাসিত ইরান, সৌদি আরব ও আফগানিস্তানেও ইসকনের কার্যক্রমের অনুমতি নেই।

যেসব দেশে আংশিক নিষিদ্ধ

ইন্দোনেশিয়ায় ইসকন আংশিকভাবে নিষিদ্ধ। কিছু নির্দিষ্ট শর্ত ও সীমাবদ্ধতার মধ্যে সংগঠনটি সেখানে কার্যক্রম চালাতে পারে।
তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান ও তুর্কমেনিস্তানেও ইসকনের কার্যক্রম কঠোর নজরদারির আওতায় পরিচালিত হয়।

যেসব দেশে সক্রিয় ইসকন

ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ব্রাজিল, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, তাঞ্জানিয়া, উগান্ডা, অস্ট্রেলিয়া, দুবাই ও ইসরাইলসহ বিশ্বের বহু দেশে ইসকন অত্যন্ত সক্রিয়।
এছাড়া মেক্সিকো, কানাডা, জাপান, থাইল্যান্ড, মরিশাস, ফিজি, আর্জেন্টিনা ও কলম্বিয়াতেও সংগঠনটির কার্যক্রম বিস্তৃত।

বাংলাদেশে ইসকনের উপস্থিতি

বাংলাদেশে ইসকনের কার্যক্রম শুরু হয় সত্তরের দশকের শুরুতে। বর্তমানে দেশজুড়ে বেশ কয়েকটি মন্দির পরিচালনা করছে সংগঠনটি। রাজধানী ঢাকার স্বামীবাগ মন্দির ইসকনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং সংগঠনটির প্রথম প্রতিষ্ঠিত কেন্দ্রগুলোর একটি।
বাংলাদেশে ইসকনের কার্যক্রমের মধ্যে রয়েছে ধর্মপ্রচার, রথযাত্রা উৎসব, মন্দির পরিচালনা এবং কৃষ্ণভক্তদের জন্য নিয়মিত পূজা ও আধ্যাত্মিক সাধনা। স্বামীবাগ মন্দিরে ভক্তরা প্রতিদিন কৃষ্ণ মহামন্ত্র জপ করেন এবং ভগবানের সেবা করে থাকেন।

অন্যান্য

বন্ধ হতে যাচ্ছে ফেসবুকের পরিচিত ‘রিচ’ পদ্ধতি

স্যোশাল মিডিয়ার জনপ্রিয় মাধ্যম ফেসবুক তাদের কনটেন্টের পারফরম্যান্স মূল্যায়নের পরিচিত পরিমাপক ‘রিচ’ পদ্ধতিটি তুলে দিচ্ছে। আগামী ৩১ অক্টোবর থেকে এর পরিবর্তে কনটেন্টের দর্শক উপস্থিতি হিসাব করতে ‘ভিউয়ারস’ মেট্রিক চালু করা হবে। এক বিজ্ঞপ্তিতে ফেসবুক জানিয়েছে, এত দিন কোনো কনটেন্ট কতগুলো অ্যাকাউন্টে পৌঁছাল তা পরিমাপ করতে ‘রিচ’ মেট্রিক ব্যবহৃত হতো। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কতগুলো আলাদা […]

বন্ধ হতে যাচ্ছে ফেসবুকের পরিচিত ‘রিচ’ পদ্ধতি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২১ অক্টোবর ২০২৬, ১১:৪৪

স্যোশাল মিডিয়ার জনপ্রিয় মাধ্যম ফেসবুক তাদের কনটেন্টের পারফরম্যান্স মূল্যায়নের পরিচিত পরিমাপক ‘রিচ’ পদ্ধতিটি তুলে দিচ্ছে। আগামী ৩১ অক্টোবর থেকে এর পরিবর্তে কনটেন্টের দর্শক উপস্থিতি হিসাব করতে ‘ভিউয়ারস’ মেট্রিক চালু করা হবে।

এক বিজ্ঞপ্তিতে ফেসবুক জানিয়েছে, এত দিন কোনো কনটেন্ট কতগুলো অ্যাকাউন্টে পৌঁছাল তা পরিমাপ করতে ‘রিচ’ মেট্রিক ব্যবহৃত হতো।

একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কতগুলো আলাদা অ্যাকাউন্ট কনটেন্টটি দেখছে, তার হিসাবও এই পরিমাপকের সাহায্যে পাওয়া যেত। তবে আগামী ২০২৬ সালের ৩১ অক্টোবর থেকে ‘রিচ’ সুবিধাটি আর পাওয়া যাবে না।

প্রথাগত এই পরিমাপব্যবস্থার বদলে এখন থেকে কনটেন্টের আসল দর্শক বা দর্শকসংখ্যা নির্ধারণ করতে ‘ভিউয়ারস’ নামের নতুন সূচকটিকে প্রধান মানদণ্ড হিসেবে ধরা হবে।

ছবি, ভিডিও এবং রিলসসহ নানা ধরনের কনটেন্টের মান যাচাই করতে এই সূচকটি কাজে লাগাতে পারবেন ব্যবহারকারীরা।

এত দিন নির্ধারিত সময়ের মধ্যে কোনো কনটেন্ট ঠিক কতটি আলাদা অ্যাকাউন্টের সামনে আসত, তার নিখুঁত হিসাব করা হতো প্রথাগত ‘রিচ’ পদ্ধতির মাধ্যমে। নতুন নিয়মে দর্শক সম্পৃক্ততা বা উপস্থিতির মাত্রা কতটুকু গভীর, তা অনুধাবনে ‘ভিউয়ারস’সংখ্যা সামনে আসবে।

এর ফলস্বরূপ বাণিজ্যিক ফেসবুক পেজগুলোর ব্যবস্থাপনা, প্রচারণার গতিবিধি তদারকি এবং প্রমোশনাল কনটেন্টের সামগ্রিক সফলতার মূল্যায়ন প্রক্রিয়ায় সরাসরি প্রভাব দেখা যেতে পারে।

বিশেষ করে বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংবাদমাধ্যম, বাণিজ্যিক প্রতিষ্ঠান, স্বাধীন কনটেন্ট নির্মাতা এবং ডিজিটাল বিপণন পেশাজীবীদের নিজেদের বিশ্লেষণ কৌশল এই নতুন ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে নিতে হবে।

‘রিচ’ ও ‘ভিউয়ারস’ মেট্রিকের হিসাবের পদ্ধতি এক কি না তা স্পষ্ট না হলে আগের পরিসংখ্যানের সঙ্গে নতুন তথ্য সরাসরি তুলনা করা জটিল হতে পারে। এ কারণে পুরনো প্রতিবেদন সংরক্ষণ করা এবং নতুন মেট্রিকের হিসাবের পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন ফেসবুক পেজ পরিচালকদের।

ফেসবুকের এই পরিবর্তন সংবাদমাধ্যম, ব্যবসাপ্রতিষ্ঠান, কনটেন্ট নির্মাতা ও ডিজিটাল বিপণনকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ ফেসবুকে প্রকাশিত কনটেন্ট কত মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং কতটি অ্যাকাউন্ট থেকে দেখা হচ্ছে, এসব তথ্যের ভিত্তিতেই অনেক ক্ষেত্রে কনটেন্টের কার্যকারিতা মূল্যায়ন করা হয়।

চলতি মাসের শেষ দিনে রিচ সুবিধাটি পুরোপুরি বাতিল হয়ে যাবে। এরপর কনটেন্টের সাফল্য যাচাইয়ে নতুন বিশ্বের অন্যতম বৃহৎ এই নেটওয়ার্কের ব্যবহারকারীদের এই ব্যবস্থার ওপরই নির্ভর করতে হবে।

বিষয়ঃ