সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানের বিষয়ে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, যেসব সংস্থা তাকে আটক করেছে, তারাই এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে এবং ব্যাখ্যা দেবে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ইসি সচিব বলেন, এ বিষয়ে আইনি ব্যাখ্যা চাওয়া হলে সেটি তার দায়িত্বের মধ্যে পড়ে না। তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, যাচাই-বাছাই ছাড়া কোনো বক্তব্য প্রচার না করতে এবং ভুলভাবে উদ্ধৃত না করতে। তার ভাষায়, নির্বাচনের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি, তাই সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে, যেন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।
ভোটের সময় অর্থ বহনে কোনো সীমা নেই—এমন বক্তব্য তার নামে প্রচারিত হওয়ার বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। আখতার আহমেদ বলেন, তিনি কখনোই এ ধরনের মন্তব্য করেননি এবং তার এমন বক্তব্য দেওয়ার এখতিয়ারও নেই। তাকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে বলে দাবি করে তিনি এটিকে অপমানজনক উল্লেখ করেন।