জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আদানি পাওয়ারের বিদ্যুৎ সরবরাহ আগেভাগেই বাড়ানো হয়েছে। নির্বাচনকালীন সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে আদানির দুটি ইউনিট থেকেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্রে জানা যায়, রক্ষণাবেক্ষণের জন্য গত ১৫ জানুয়ারি আদানির একটি ইউনিট ২৫ দিনের জন্য বন্ধ রাখা হয়েছিল। পূর্বঘোষণা অনুযায়ী ইউনিটটি সোমবার (৯ ফেব্রুয়ারি) পুনরায় চালু হওয়ার কথা ছিল।
তবে দেশের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিদ্যুৎ বিভ্রাট এড়াতে নির্ধারিত সময়ের একদিন আগেই ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ওই ইউনিটটি চালু করা হয়। এর ফলে বর্তমানে আদানি পাওয়ারের মোট ১৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট থেকে দেশে প্রায় ১৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
উল্লেখ্য, প্রথম ইউনিট রক্ষণাবেক্ষণে থাকাকালীন সময়েও আদানির দ্বিতীয় ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত ছিল। নির্বাচনকে কেন্দ্র করে বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল রাখতেই এই ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।