জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইসি সূত্র জানায়, প্রধান নির্বাচন কমিশনারের ভাষণটি মঙ্গলবার সন্ধ্যায় রেকর্ড করা হয়েছে এবং বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে একযোগে সম্প্রচার করা হবে। ভাষণে তিনি নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি, ভোটগ্রহণের পরিবেশ এবং কমিশনের গৃহীত পদক্ষেপগুলো জাতির সামনে তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে।
ভাষণে সিইসি দেশবাসীকে আশ্বস্ত করে জানাবেন যে, ভোটাররা যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দেশজুড়ে নির্বাচনি সামগ্রী বিতরণ কার্যক্রম, ৪২ হাজার ৬৫৯টি ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা পরিকল্পনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তিনি বিস্তারিত বক্তব্য দেবেন।
ইসি সূত্র আরও জানায়, নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, ড্রোন নজরদারি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিষয়টি ভাষণে গুরুত্ব পাবে। একই সঙ্গে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের দৃঢ় অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হবে।
উল্লেখ্য, এর আগে গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন।