ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি নিরপেক্ষ, অবাধ ও গ্রহণযোগ্য ভোট আয়োজন নিশ্চিত করতে সেনাবাহিনী পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় এই নির্বাচন ঘিরে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাজধানীর উত্তরায় যৌথ টহল কার্যক্রম শেষে ব্রিফিংয়ে উত্তরা আর্মি ক্যাম্প কমান্ডার মেজর ইফতেখার হাসান বলেন,
জনগণের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ তৈরির লক্ষ্যে সেনাবাহিনী নিয়মিত যৌথ টহল পরিচালনা করছে। নির্বাচন ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কার অবকাশ নেই উল্লেখ করে তিনি ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোট উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানান।
তিনি জানান, নির্বাচনের দিন সেনাবাহিনী ভোটকেন্দ্র ও আশপাশের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোকে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। পাশাপাশি কুইক রিঅ্যাকশন টিম প্রস্তুত রাখা, মোবাইল টহল জোরদার, চেকপোস্ট স্থাপন এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বেসামরিক বাহিনীকে সহায়তা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে আশ্বস্ত করে বলা হয়, জনগণের ভোটাধিকার রক্ষা এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই এই সমন্বিত নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।