শহিদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শরীফ ওসমান হাদির স্ত্রী ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই দলিল ও চাবি হস্তান্তর করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যমুনায় শরীফ ওসমান হাদির স্ত্রী ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক রাজধানীর লালমাটিয়া এলাকায় এই রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা।
এ সময় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম উপস্থিত ছিলেন।
এর আগে গত ২০ জানুয়ারি ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য হাদির পরিবারকে এক কোটি টাকা দেওয়ার কথা জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ঢাকার লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য ‘দোয়েল টাওয়ার’ নামক আবাসিক ভবন রয়েছে। সেই ভবনে ১ হাজার ২১৫ বর্গফুটের ফ্ল্যাট কিনতে অনুদান হিসেবে এ টাকা দেওয়া হচ্ছে বলে জানান।