প্রবাসী ভোটারদের জন্য প্রথমবারের মতো চালু হওয়া পোস্টাল ব্যালট ব্যবস্থায় কোনো ধরনের অনিয়ম বা জালিয়াতি সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, প্রবাসে বসে কেউ হীন উদ্দেশ্যে ভোট জালিয়াতির চেষ্টা করলে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার পাশাপাশি প্রয়োজনে সংশ্লিষ্ট দেশ থেকে বাংলাদেশে ফেরত আনার ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এর আগে বিভিন্ন দেশের দূতাবাস ও মিশন প্রধানদের সঙ্গে পোস্টাল ব্যালটের অগ্রগতি নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছে কমিশন।
ইসি সানাউল্লাহ জানান, এবার মোট ৭ লাখ ৬৭ হাজার ৮৪টি ব্যালট পেপার প্রবাসী ভোটারদের কাছে পাঠানো হয়েছে। এর মধ্যে ৭ লাখ ৭ হাজার ৫০০টি সংশ্লিষ্ট দেশে পৌঁছেছে এবং ভোটারের হাতে পৌঁছেছে ১ লাখ ৪০ হাজার ৮৭৩টি ব্যালট। ঠিকানা সমস্যার কারণে ৪ হাজার ৫২১টি ব্যালট ফেরত এসেছে, যার বেশিরভাগই মালয়েশিয়া ও ইতালি থেকে।
তিনি বলেন, বাহরাইন, ওমান ও কুয়েতে পোস্টাল ব্যালট বিতরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ভিডিও ছড়ালেও সংশ্লিষ্ট মিশনগুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আইডি যাচাই ছাড়া ব্যালট হস্তান্তর করা যাবে না। কোনো রাজনৈতিক পক্ষ অবৈধভাবে ভোট সংগ্রহের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে বলেও জানান তিনি।