স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, যদি বাংলাদেশকে আবারও গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন ও আয়নাঘরের অন্ধকার সময়ে ফিরে যেতে না হয়, তবে গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে এবং ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। একই সঙ্গে জনগণের পছন্দের গণপরিষদ সদস্য নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রোববার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত ‘নাগরিক পদক–২০২৫’ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন উপদেষ্টা আদিলুর রহমান খান।
তিনি বলেন, দেড় বছর আগে ঢাকার রাজপথে ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষ রক্ত দিয়েছেন বাংলাদেশের পরিবর্তনের স্বপ্ন বাস্তবায়নের জন্য। সেই পরিবর্তনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করার চেষ্টা করেছে। আমাদের শহীদরা যে বাংলাদেশ দেখতে চেয়েছিলেন—যেখানে অন্যায় ও বৈষম্যের স্থান নেই—আমরাও সেই বাংলাদেশই গড়তে চাই।
উপদেষ্টা বলেন, হয়তো আমরা খুব বেশি কাজ করতে পারিনি, তবে যেটুকু করা গেছে, সেটি যেন স্থায়ী হয়—সেই দায়িত্ব এখন জনগণের। গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের সুযোগ কাজে লাগাতে হবে।
তিনি আরও বলেন, আধিপত্যবাদ কিংবা অন্যায়-অবিচারের কাছে বাংলাদেশ কখনো মাথা নত করবে না—এটাই আমাদের আকাঙ্ক্ষা। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে হলে আসন্ন ভোটে সচেতন সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে নাগরিক দায়িত্ববোধ ও নগর উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘নাগরিক পদক–২০২৫’ প্রদান করা হয়।