অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সারা দেশে ব্যাপক জনসমর্থনের ঢেউ সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ঢাকার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের বাটুলিয়া এলাকায় অবস্থিত বুচাই পাগলার মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি মাজারে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
শফিকুল আলম বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে দেশে আর স্বৈরাচার, অনাচার ও নিপীড়নের রাজনীতি ফিরে আসবে না। এর ফলে নাগরিক অধিকার সুরক্ষিত হবে এবং ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, নির্বাচন কমিশন ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশ্বস্ত করেছে। তবে ভোট গণনায় কিছুটা সময় লাগতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
প্রেস সচিব ভোটারদের উদ্দেশে শান্তিপূর্ণভাবে ও ধৈর্যের সঙ্গে ভোট প্রদান এবং ভোট-পরবর্তী প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান।
মাজার পরিদর্শন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, বুচাই পাগলার মাজার সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। তিনি বলেন, এ ধরনের ধর্মীয় স্থাপনায় হামলা বা ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং তা অত্যন্ত নিন্দনীয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ‘তৌহিদি জনতা’ পরিচয়ে একটি গোষ্ঠী বুচাই পাগলার মাজারে হামলা ও ভাঙচুর চালায়, যা দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।