ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন না, তিনি ফেসবুকেই থাকবেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘তথ্যের অধিকার, আমার অধিকার’ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভা ও তথ্য মেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তথ্য উপদেষ্টা বলেন, ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন।
তিনি আরও বলেন, সরকার দেশে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে কাজ করছে। জনগণই সব ক্ষমতার উৎস। জনগণের ভোটের মাধ্যমেই সরকারকে ক্ষমতায় আসতে হয়। ভবিষ্যতেও জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসতে হলে তথ্য অধিকার নিশ্চিত করা এবং সরকারের প্রতিটি কাজে স্বচ্ছতা বজায় রাখা জরুরি।
তথ্য উপদেষ্টার মতে, একটি জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে তথ্য অধিকার, গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।