রাবি প্রতিনিধি, এম এ আতিকুর রহমান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নগরের কাজলার অক্ট্রয় মোড় এলাকায় তাঁর নিজ বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘গতকাল রাতে আমি ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ফিরছিলাম। এ সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর নম্বর থেকে আমার ফোনে একটি কল আসে।
ট্রেনে থাকায় আমি কলটি ধরিনি। এর পরপরই আমার ফোনে ককটেল বিস্ফোরণের ৮ সেকেন্ডের একটি ভিডিও পাঠানো হয়।’
বিস্ফোরণের ঘটনায় তাঁর পরিবারের সদস্যরা কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছেন বলে জানান প্রক্টর। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি।
বিস্ফোরণের ঘটনার পর উদ্বিগ্ন কি না, এমন প্রশ্নের জবাবে অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘আসলে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ একটি আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে। যদিও তাদের ডাকা লকডাউন কর্মসূচি কোথাও পালিত হচ্ছে না।’
এদিকে, শনিবার রাত আনুমানিক ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এলাকায় ককটেল বিস্ফোরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়েও কোনো আলামত উদ্ধার করতে পারেনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেছি। আমরা সিসিটিভি ফুটেজ খুঁজছি এবং পুলিশকে তা সংগ্রহ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাগিদ জানাচ্ছি।’