কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কথিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দেশে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শরীয়তপুরের নওডোবা এলাকায় পদ্মা সেতুর অবতরণস্থলের কাছে ফজরের নামাজের পর একটি ঘটনা ঘটেছে। সেখানে অনেক লোক জড়ো হয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছিল বলে তিনি জানতে পেরেছেন। তবে তাদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা সংঘর্ষের ঘটনাও ঘটেছে বলে তথ্য পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, ঘটনাটি নিয়ে এখনো বিস্তারিত তদন্ত করা হয়নি। তবে সেখানে দুজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবিসহ অন্যান্য বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা কিছুটা বাড়ানো হয়েছে। তবে তাদের সতর্ক অবস্থান ও মোতায়েন নিয়মিত কার্যক্রমের অংশ।
এ সময় সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে প্রশ্ন করা হলে সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করে জানান, এ ধরনের কোনো পরিকল্পনা সরকারের নেই।