সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন আয়োজন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে—এমন প্রত্যাশাই রয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি-তে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব জানান, গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ওই দিন কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। একই সঙ্গে মনোনয়নপত্র জমা দেওয়ার হারও স্বাভাবিক ছিল বলে উল্লেখ করেন তিনি।
নির্বাচন ও গণভোট প্রসঙ্গে শফিকুল আলম বলেন, গণভোট ভোটারদের মধ্যে আগ্রহ তৈরি করবে বলে সরকার আশাবাদী। সে অনুযায়ী প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। গণভোট বিষয়ে জনগণকে অবহিত করতে সরকার প্রচারণা চালাচ্ছে এবং এ লক্ষ্যে ভোটের গাড়ি সারা দেশে ঘুরছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। এ বিষয়টি উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনায় আসে এবং পুরো প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে।
প্রেস সচিব জানান, বেগম খালেদা জিয়ার জানাজায় সার্কভুক্ত পাঁচটি দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। তাঁদের মধ্যে পাকিস্তান, নেপাল ও মালদ্বীপের মন্ত্রীরা প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বলেও তিনি উল্লেখ করেন।