বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের ব্যাগ বা ভারী সামগ্রী সঙ্গে নেওয়া যাবে না।
মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় জানাজা ও দাফনের সময়সূচি জানিয়ে এ নির্দেশনা দেওয়া হয়। বার্তায় উল্লেখ করা হয়, বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর বিকেল সাড়ে ৩টার দিকে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।
জানাজার সময় নিরাপত্তার স্বার্থে ব্যাগ বা ভারী কোনো সামগ্রী বহন নিষিদ্ধ থাকবে। দাফন প্রক্রিয়া রাষ্ট্রীয়ভাবে সম্পন্ন হওয়ায় সেখানে সাধারণ মানুষের প্রবেশের সুযোগ থাকবে না।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি বুধবার জানাজার দিন এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।