সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া–কে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি–র প্রতিনিধি হিসেবে এই সফরে বাংলাদেশে আসবেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বেগম খালেদা জিয়ার জানাজা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশ নিতেই ড. জয়শঙ্করের এই ঢাকা সফর।
এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক অঙ্গনে শোকের প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার–ও ঢাকায় এসে শেষ শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। পাশাপাশি ভুটান ও মালদ্বীপের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরাও বেগম খালেদা জিয়ার জানাজা ও শোকানুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে দেশে-বিদেশে শোকের আবহ তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, খালেদা জিয়ার জানাজায় বিভিন্ন দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতি তার দীর্ঘ রাজনৈতিক জীবনের আন্তর্জাতিক প্রভাব এবং আঞ্চলিক রাজনীতিতে তার গুরুত্বেরই প্রতিফলন।