বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত সারাদেশে দোকানপাট বন্ধ রাখার জন্য দোকান ব্যবসায়ীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তিতে গভীর শোক প্রকাশ করে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্না-রাজেউন)। তার মৃত্যুতে জাতি বাকরুদ্ধ ও শোকাহত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তিনি ছিলেন আপসহীন নেত্রী, দেশ-মাতৃকার সাহসী কণ্ঠ এবং গণতন্ত্রের জননী। তার মৃত্যুতে যে শোক ও বেদনা অনুভূত হচ্ছে, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে মহান রাব্বুল আলামিনের দরবারে তার রুহের মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ৩১/১২/২০২৫ তারিখে দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত সারাদেশে দোকানপাট বন্ধ রেখে শোক প্রকাশ করার জন্য দোকান ব্যবসায়ীদের বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।