রাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণে এক যুবক নিহত হওয়ার ঘটনাকে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের পরিকল্পিত ও ধারাবাহিক ককটেল সন্ত্রাসের অংশ হিসেবে প্রাথমিকভাবে বিবেচনা করছে পুলিশ।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ–এর মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সন্ধ্যায় মগবাজার ফ্লাইওভার থেকে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের ছোড়া ককটেল বিস্ফোরণে সিয়াম মজুমদার (২১) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হন।
হাতিরঝিল থানা সূত্র জানায়, নিহত সিয়াম স্থানীয় একটি মোটরকার ডেকোরেশন দোকানে কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি মগবাজার নিউ ইস্কাটন রোডে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সামনে রাস্তার ওপর দাঁড়িয়ে ছিলেন।
পুলিশ জানায়, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ঘটনার মাধ্যমে জনমনে ভীতি ও আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্য রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ইতোমধ্যে ঢাকা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট ও টহল কার্যক্রম বাড়িয়েছে।
এ ঘটনায় জড়িতদের সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ যোগাযোগ করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।