ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চের সদস্যদের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। শনিবার সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিন বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতাদের সঙ্গে পৃথক বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা।
এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠক করেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে দেশের সর্বশেষ আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ওসমান হাদির ওপর হামলার পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
এদিকে, শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আগেই একটি বিবৃতি দেন প্রধান উপদেষ্টা।
তিনি হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত পরিচালনার কঠোর নির্দেশও দেন তিনি।