প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ১৫ ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে এবং এটি ঠেকানোর মতো ক্ষমতা কারও নেই। তিনি নিশ্চিত করে বলেন, সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ বক্তব্য দেন।
তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন,
“তার দেশে ফিরতে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। তিনি যখন ইচ্ছা দেশে আসতে পারবেন। বিষয়টি সম্পূর্ণ তার ব্যক্তিগত ও রাজনৈতিক সিদ্ধান্ত।”
‘মাইনাস ফোর’ ফর্মুলা প্রসঙ্গে শফিকুল আলম বলেন,
“যারা এ ধরনের কথা বলছে তারা স্বৈরাচারের দোসরের মতো আচরণ করছে। সরকার কখনো মাইনাস ফোরের মতো কোনো ধারণা দেয়নি। সরকার কাউকে মাইনাস করেনি। যে মাইনাস হয়েছে, সে হত্যাযজ্ঞ চালিয়ে নিজেরাই মাইনাস হয়েছে।”
বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে তিনি বলেন,
“তিনি জাতীয় নেতা, জনগণের নেতা—শুধু বিএনপির নয়। আমরা তার সুস্থতা কামনা করি। তিনি দেশে ফিরে আসুন। বাংলাদেশের জন্য তার উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”