রাজধানীর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
শুক্রবার বিকেলে সেনাকুঞ্জে এই সৌজন্য বিনিময় অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি গণমাধ্যমকে জানান। এর আগে শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া—এ তথ্য নিশ্চিত করেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। বেগম খালেদা জিয়াও প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে তার সহধর্মিণী আফরোজী ইউনূসের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং তার সুস্থতার জন্য শুভকামনা জানান।
মেডিকেল বোর্ডের পরামর্শে গুলশানের বাসা থেকে সেনাকুঞ্জে আসেন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার।
পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি এবং খালেদা জিয়ার প্রয়াত ভাই সাঈদ ইসকান্দারের স্ত্রী নাসরিন সাঈদ ইস্কান্দার।