ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ছাত্র–জনতার সঙ্গে সংঘর্ষের সময় রমনা বিভাগের অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার (এডিসি) মাসুদ আলম ও তার এক ঊর্ধ্বতন কর্মকর্তার মধ্যে হওয়া ফোনালাপের ভিডিও সোমবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। কয়েক ঘণ্টার মধ্যেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার পাশাপাশি সমালোচনাও ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, সংঘর্ষ চলাকালে মাসুদ আলম ফোনে বলেন, “এরা তো শিবির স্যার, এখানে নতুন ফোর্স লাগবে।” ওই বক্তব্য নিয়ে নেটিজেনদের একশ্রেণি প্রশ্ন তোলে—তিনি কি আন্দোলনকারীদের দমনে ‘শিবির’ ট্যাগ ব্যবহার করেছেন?
বিষয়টি নিয়ে আলোচনা বাড়তে থাকলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ডিসি মাসুদ। তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, “আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম। উনি জানতে চেয়েছিলেন, কারা বেশি জড়ো হয়েছে। তখন আমি পরিস্থিতি বুঝিয়ে বলেছি—এখানে শিবির আছে, ভিড় বাড়ছে, আর ফোর্স লাগতে পারে। এটা ছিল সম্পূর্ণ পেশাগত ফোনালাপ। মিডিয়াকে আমি কোনো বক্তব্য দেইনি।”
তিনি আরও বলেন, “আমি নেগেটিভ কিছুই বলিনি। সেদিন বিক্ষোভ হচ্ছিল, আমরা সেটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। এখন একটি গোষ্ঠী বিষয়টিকে অন্য দিকে নিয়ে যেতে চাইছে। রাজধানীর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা পুলিশ হিসেবে আমাদের দায়িত্ব। আমরা কখনো কোনো পক্ষ নিয়ে কাজ করি না।”
ডিসি মাসুদ দাবি করেন, পুলিশ সবসময়ই শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। ঢাকায় আরও জায়গায় আন্দোলন ও বিক্ষোভ হলেও আইনশৃঙ্খলা বাহিনী তা নিয়ন্ত্রণ করেছে ধৈর্য ধরে।
উল্লেখ্য, মাসুদ আলম এর আগেও কয়েক দফা আলোচনায় এসেছেন ছাত্র আন্দোলন ও রাজনৈতিক উত্তেজনার সময় তার মাঠপর্যায়ের উপস্থিতি এবং পুলিশি পদক্ষেপ নিয়ে। তবে এবার ধানমন্ডি ৩২–এর সংঘর্ষে দেওয়া ফোনালাপই তাকে নতুন করে আলোচনার কেন্দ্রে এনেছে।