অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস বলেছেন, বাংলাদেশের অর্থনীতিতে সমুদ্র একটি বৈচিত্র্যময় খাত হিসেবে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।
সোমবার (১৮ আগস্ট) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ বৈচিত্র্যময় জলাশয়ে সমৃদ্ধ একটি দেশ। এখানে মৎস্য সম্পদের উন্নয়ন ও সম্প্রসারণের পাশাপাশি বিশাল বঙ্গোপসাগর আমাদের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছে।
তিনি উল্লেখ করেন, “পানি প্রবাহ ও সমুদ্র আমাদের জন্য আল্লাহর উপহার। জমির বাংলাদেশ আমরা চিনি, কিন্তু পানির বাংলাদেশকে আমরা অবহেলা করি।”
তিনি আরও বলেন, গভীর সমুদ্রের সম্পদ এখনো যথাযথভাবে কাজে লাগানো যায়নি। সমুদ্র আমাদের জন্য অফুরন্ত সম্পদের ভান্ডার হলেও আমরা এখনো সেখানে প্রবেশ করতে পারিনি।
এ খাতকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে হলে গবেষণা বাড়ানো, আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন এবং বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে গভীর সমুদ্র মৎস্য শিকার অন্তর্ভুক্ত করা জরুরি।
মুহাম্মদ ইউনুস মনে করেন, সমুদ্রের সুষ্ঠু ব্যবস্থাপনা ও গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করা শুধু খাদ্য নিরাপত্তা নয়, বরং একটি পূর্ণাঙ্গ ইন্ডাস্ট্রি গড়ে তুলতে সহায়ক হবে।
তিনি জোর দিয়ে বলেন, “সমুদ্র আমাদের অর্থনীতির জন্য নতুন বাংলাদেশ সৃষ্টি করতে পারে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের এখনই এই খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।”