২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির লক্ষ্যে বৈদেশিক বিনিয়োগ ত্বরান্বিতকরণ’ শীর্ষক ‘এফআইসিসিআই এফডিআই সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ব্যবসা ও বিনিয়োগের প্রসারে সরকারের নীতিগত সহায়তা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সামনে বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও একই সঙ্গে রয়েছে বিপুল সম্ভাবনা। দেশের উন্নয়নে নিরাপদ, টেকসই ও দীর্ঘমেয়াদি বৈদেশিক বিনিয়োগ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে কর ও ভ্যাট ব্যবস্থাকে আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিনিয়োগকারীদের জন্য একটি কার্যকর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে।
অর্থনৈতিক লক্ষ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাজেটে নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ শিল্প, ইলেকট্রনিক্স, ডিজিটাল সেবা, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, উন্নত বস্ত্রশিল্প, স্বাস্থ্যসেবা ও লজিস্টিকস খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশকে একটি বড় উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তোলা, তৈরি পোশাক শিল্পে বৈচিত্র্য আনা এবং প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ তৈরি সরকারের অন্যতম অগ্রাধিকার।
বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ভ্যাট ও কর ব্যবস্থার সহজীকরণ, সরকারি সেবার ডিজিটাল রূপান্তর এবং বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।