আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, “বর্তমান সরকারের আমলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে।” তিনি আরও বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে ২১ জন শহীদ হয়েছেন এবং সাড়ে তিনশত মানুষ আহত হয়েছেন। বিচারের কার্যক্রম পূর্ণ গতিতে এগিয়ে চলছে, এবং কোনো রকম গাফিলতি হবে না।”
সোমবার (২৪ জুলাই) বিকেলে সদর উপজেলার হাজীগঞ্জ এলাকায় দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনী অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি।
এ সময় ড. আসিফ নজরুল জানান, “জুলাইয়ের ঘটনায় আহত ও নিহত অনেকগুলো মামলার তদন্ত অগ্রগতি হয়েছে। ৫ আগস্টের মধ্যে এসব মামলার চার্জশিট দিতে বলা হয়েছে। চার্জশিট দিলেই বিচারের প্রক্রিয়া শুরু হবে। প্রয়োজনে দ্রুত বিচার আইনে শহীদদের হত্যার বিচার করা হবে।”
আইন উপদেষ্টা দেশে গণতন্ত্র টিকিয়ে রাখার উদ্দেশ্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “জুলাইয়ে মানুষের আত্মত্যাগ, শোক ও সাহসের মধ্যে দেশবাসী একটি পরিবারে পরিণত হয়েছিল। ফ্যাসিস্টদের বাদ দিয়ে, দেশের সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেই বিজয়ী হয়েছিল। সেই ঐক্যকে ধরে রাখতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা বৈষম্যহীন নতুন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র থাকবে এবং কোনো শাসক অপশাসক হতে পারবে না। স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা লঙ্ঘনকারীরা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, কিন্তু ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিরোধ করা সম্ভব।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছ উর রহমান এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম।