৫ আগস্টের সাধারণ ছাত্র জনতার এই অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নতুন বাংলাদেশের জন্মদিন নিয়ে সরকারের ঘোষণার সমালোচনা করেছেন। তিনি বলেন, নতুন বাংলাদেশের জন্ম ৮ আগস্ট নয়, ৫ আগস্ট। আজ বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, “নতুন বাংলাদেশের জন্ম হয়েছে ৫ আগস্ট, ৮ আগস্ট নয়। ৫ আগস্টের সাধারণ ছাত্র জনতার এই অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না।” তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।
এর আগে, বুধবার (২৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ পৃথক দুটি পরিপত্র জারি করে দিবস দুটির সরকারি স্বীকৃতি দেয়। পরিপত্রে উল্লেখ করা হয়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের সূচনা দিবস ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালন করা হবে।
পাশাপাশি আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত ছাত্র আবু সাঈদের স্মরণে ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।
এনসিপি নেতা হাসনাতের মতে, ৫ আগস্টে গণআন্দোলনের প্রকৃত সাফল্য অর্জিত হয়েছিল এবং সেই দিনকেই নতুন বাংলাদেশের জন্মদিন হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। তিনি সরকারকে আহ্বান জানান যেন ইতিহাস বিকৃতি না করে জনগণের প্রকৃত অর্জনকে মর্যাদা দেওয়া হয়।
বিশ্লেষকদের মতে, নতুন বাংলাদেশের জন্মদিন নিয়ে বিতর্ক সামনে আসায় রাজনৈতিক মহলে উত্তাপ বেড়েছে এবং দিনটির যথাযথ স্বীকৃতি নিয়ে আরও আলোচনা হতে পারে।