ক্ষমতা ও প্রতিহিংসার রাজনীতি এবং অপরাধীদের পৃষ্ঠপোষকতার কারণে বিএনপির নিজস্ব নেতাকর্মীরাও এখন নিরাপদ নন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
বুধবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নাটোর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে বিএনপির সন্ত্রাসী রাজনীতির শিকার হয়েছেন অসংখ্য মানুষ। মিটফোর্ডে নিহত সোহাগের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, এবার নিজ দলের নেতাকর্মীদের হাতেই প্রাণ হারিয়েছেন ছাত্রদল নেতা শাকিল ইসলাম।
বিএনপির এক সংসদ সদস্যের দুই ছেলের বিরোধের জেরে শাকিলকে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
শাকিল হত্যাকাণ্ডে কেন্দ্রীয় ছাত্রদল ও বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ডাকসুর ভিপি বলেন, স্থানীয় পর্যায়ের একজন গুরুত্বপূর্ণ নেতা নিহত হওয়ার পরও দলটির নীরবতা বিস্ময়কর।
তিনি আরও অভিযোগ করেন, গত দুই বছরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস, হত্যা ও ধর্ষণসহ নানা অপরাধের অভিযোগ উঠেছে। অথচ গুরুতর অপরাধের ক্ষেত্রেও নামমাত্র বহিষ্কারের মাধ্যমে অভিযুক্তদের দায় এড়ানোর সুযোগ দেওয়া হচ্ছে।
সাদিক কায়েম বলেন, ‘প্রতিহিংসার রাজনীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির নিজস্ব নেতাকর্মীরাও নিরাপদ নন।’