স্বাস্থ্য পরীক্ষার জন্য সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল তাদের হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে পুলিশি পাহারায় তিনজনকে হাসপাতাল থেকে ফিরিয়ে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক রিদুয়ানুল হক।
তিনি জানান, জুলাই অভ্যুত্থানকেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার তিন আসামিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর তাদের আবার হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে।
স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া তিনজন হলেন ৭০ বছর বয়সী আনিসুল হক, ৪৬ বছর বয়সী জুনায়েদ আহমেদ পলক এবং ৬২ বছর বয়সী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।