আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পরিমাণ পণ্য আমদানির প্রক্রিয়ায় রয়েছে বলে জানিয়েছেন শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রমজানকে কেন্দ্র করে বাজারে কোনো ধরনের পণ্যসংকটের আশঙ্কা নেই বলেও আশ্বস্ত করেছেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি জানান, ভোজ্যতেল, ছোলা, ডাল ও চিনিসহ আমদানিনির্ভর নিত্যপণ্যের সম্ভাব্য চাহিদা বিবেচনায় নিয়ে সরকার সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করেছে। বর্তমানে আমদানির পাইপলাইনে যে পরিমাণ পণ্য রয়েছে, তা রমজানের আগে ও পরে বাজার স্থিতিশীল রাখতে যথেষ্ট।
ভোজ্যতেলের দাম বাড়ানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, ‘এই মুহূর্তে ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।’
আন্তর্জাতিক বাজারে ছোলার দাম কিছুটা বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে আমদানিকারকদের সঙ্গে আলোচনা চলছে। বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সতর্ক রয়েছে।
এলসি খোলার ক্ষেত্রে ব্যবসায়ীদের বড় ধরনের কোনো সমস্যার অভিযোগ পাওয়া যায়নি জানিয়ে মন্ত্রী বলেন, ব্যাংকিং জটিলতা দেখা দিলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে চুক্তি সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, ওমান, নিউজিল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণে আলোচনা চলছে।
মন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর রপ্তানি সক্ষমতা ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে এসব বাণিজ্য চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।