২০০৬ সালের ২৮ অক্টোবরকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম কলঙ্কিত ও রক্তাক্ত অধ্যায় হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি ওই দিনের হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।
বুধবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, ২০০৬ সালের এই দিনে রাজধানীর পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় রাজনৈতিক কর্মসূচির নামে লগি-বৈঠা দিয়ে মানুষকে পিটিয়ে হত্যা এবং মরদেহের ওপর উল্লাসের যে দৃশ্য দেখা গেছে, তা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না।
তিনি বলেন, তৎকালীন চারদলীয় জোট সরকারের মেয়াদ শেষে তত্ত্বাবধায়ক সরকার গঠন ও প্রধান উপদেষ্টা নিয়োগ নিয়ে রাজনৈতিক বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। বিচারপতি কে এম হাসানকে প্রধান উপদেষ্টা করার বিরোধিতাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মামুনুল হক অভিযোগ করেন, তৎকালীন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার লগি-বৈঠা নিয়ে ঢাকায় আসার আহ্বান ছিল পরিকল্পিত সহিংসতার ইঙ্গিত।
তিনি আরও বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে অতীতের সব রাজনৈতিক হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে ২৮ অক্টোবরের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।