মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন আদালত। আগামী ১৭ মে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই মামলার রায় ঘোষণা করবেন।
মঙ্গলবার (১৩ মে) এই রায়ের দিন ধার্য করা হয়। এর আগে সোমবার সকাল ১০টায় আদালতে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। কার্যক্রম শেষ না হওয়ায় মঙ্গলবার আবারও যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয় এবং তা শেষ হয়।
মামলার মূল আসামি হিটু শেখ, যিনি আছিয়ার বোনের শ্বশুর, ১৫ মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি দাবি করেন, একাই এই ধর্ষণ ও হত্যার ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। তবে ১৩ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) চারজনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন।
উল্লেখ্য, গত ৬ মার্চ মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে আট বছরের শিশু আছিয়া ধর্ষণের শিকার হয়। পরে তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।