শ্রমিকদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক ওএসএইচ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, শ্রম খাতের সুরক্ষা নিশ্চিত করা সবার দায়িত্ব। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সরকার আন্তরিকভাবে কাজ করছে। এ লক্ষ্যে শ্রমবান্ধব বাজেটও প্রণয়ন করা হয়েছে।
তিনি আরও বলেন, শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে যারা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে, তারা দেশের ক্ষতি করতে চায়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, পোশাক খাতে অস্থিতিশীলতা তৈরির পেছনে একটি গোষ্ঠীর ভূমিকা রয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মজুরি বোর্ড গঠন করা হয়েছে। শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে।
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল চৌধুরী বলেন, মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে বলে আশা করা হচ্ছে। দেশে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।