রাঙামাটিতে বেড়াতে এসে হারিয়ে ফেলা একটি আইফোন মাত্র ১০ ঘণ্টার মধ্যে উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সাইবার ক্রাইম সেল।
১০ সেপ্টেম্বর ঢাকা থেকে রাঙামাটিতে ঘুরতে যান পর্যটক মো. মাজহারুল ইসলাম মাহী। ভ্রমণের একপর্যায়ে তার ব্যবহৃত আইফোন ১৩ হারিয়ে যায়। গুরুত্বপূর্ণ ফোনটি খুঁজে না পেয়ে তিনি হতাশ হয়ে পড়েন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।
অভিযোগ পাওয়ার পর ফোনটি উদ্ধারে তৎপরতা শুরু করে ১৮ এপিবিএন রাঙামাটির সাইবার ক্রাইম সেল। তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে প্রায় ১০ ঘণ্টার মধ্যে ফোনটির অবস্থান শনাক্ত করে সেটি উদ্ধার করা হয়।
পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আইফোনটি প্রকৃত মালিক মাজহারুল ইসলাম মাহীর হাতে তুলে দেওয়া হয়। হারানো ফোন দ্রুত ফিরে পেয়ে ১৮ এপিবিএনের সদস্যদের আন্তরিকতা ও তাৎক্ষণিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
১৮ এপিবিএন জানিয়েছে, স্থানীয় বাসিন্দা ও রাঙামাটিতে আসা পর্যটকদের নিরাপত্তা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে তাদের সাইবার ক্রাইম সেলের কার্যক্রম অব্যাহত রয়েছে।