মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশ গঠনমূলক কর্মকাণ্ডে বাংলাদেশ আনসার ও ভিডিপির সদস্যদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
সাক্ষাতে সাম্প্রতিক গণঅভ্যুত্থান-পরবর্তী জননিরাপত্তা নিশ্চিত করা, ত্রয়োদশ জাতীয় নির্বাচনসহ বিভিন্ন রাষ্ট্রীয় কর্মকাণ্ডে আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি।
তিনি বলেন, বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসম্পৃক্ততা আরও বাড়াতে হবে। পাশাপাশি বিদেশি ভাষা, কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে আনসার সদস্যদের দক্ষ ও কর্মসংস্থান-উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
সাক্ষাতে আনসার ও ভিডিপির মহাপরিচালক রাষ্ট্রপতিকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। এ সময় তিনি বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
মহাপরিচালক বলেন, দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে আনসার সদস্যদের মানসম্মত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ ছাড়া সদস্যদের ডাটাবেজ তৈরি, ক্ষুদ্রঋণ প্রদান এবং প্রান্তিক পর্যায়ে সৌরবিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে বাহিনী।
তিনি দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি বলেন, আনসার ও ভিডিপি দেশের সবচেয়ে বড় জনসম্পৃক্ত নিরাপত্তা ও শৃঙ্খলা বাহিনী। বাহিনীটির সংস্কার ও আধুনিকায়নে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন তিনি। বিশেষ করে আনসার ব্যাটালিয়ন প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি।
এ ছাড়া আনসার বাহিনীর আধুনিকায়ন, বিভিন্ন আইন প্রণয়ন এবং আনসার ব্যাংক প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।
সৌরশক্তি উৎপাদন, মানবসম্পদ উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং বিভিন্ন জনমুখী কার্যক্রমে আনসার ও ভিডিপির অবদানের প্রশংসা করেন রাষ্ট্রপতি। ভবিষ্যতে এসব ক্ষেত্রে আরও কার্যকর কর্মসূচি ও তৎপরতা গ্রহণের জন্য বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি তাঁর দায়িত্ব পালনকালে আনসার ও ভিডিপির উন্নয়নে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও মহাপরিচালককে আশ্বস্ত করেন।