তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একটি শিকলমুক্ত, গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে ‘শিকল ভাঙার জুলাই’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শিকল ভাঙার লক্ষ্য শুধু একটি স্বৈরাচারী বা নিপীড়নমূলক ব্যবস্থার অবসান নয়; বরং এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা, যেখানে জনগণের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং সৃষ্টিশীলতার বিকাশ কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না।
তিনি বলেন, স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পেরিয়ে গেলেও বাংলাদেশকে বারবার শিকল ভাঙার সংগ্রামে নামতে হয়েছে। জনগণের কণ্ঠরোধের চেষ্টার কারণে দেশের স্বাভাবিক অগ্রযাত্রা ও আর্থসামাজিক উন্নয়ন ব্যাহত হয়েছে। প্রতিবারই জনগণকে ত্যাগ ও রক্তের বিনিময়ে সেই বাধা অতিক্রম করতে হয়েছে।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, বিশ্বের অনেক দেশ ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে এগিয়ে গেলেও বাংলাদেশে গণতান্ত্রিক অগ্রযাত্রা বারবার বাধাগ্রস্ত হয়েছে। তবে এবারের আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, আন্দোলনের পর রাষ্ট্র পরিচালনার একটি রূপরেখা আগেই উপস্থাপন করা হয়েছে এবং সরকার সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে।