বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, যান্ত্রিক ত্রুটি মেরামতের পর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বৃহস্পতিবার বিকেল থেকেই গ্যাস সরবরাহ শুরু করবে। এর ফলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, এলএনজি সরবরাহ শুরু হলে ধীরে ধীরে পাইপলাইনে গ্যাসের চাপ (প্রেশার) স্বাভাবিক হবে। এতে সাম্প্রতিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।
গ্যাস পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগবে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অন্তত দুই থেকে তিন দিন সময় লাগবে। এফএসআরইউ বন্ধ হওয়ার আগে যেমন পরিস্থিতি ছিল, ধীরে ধীরে সেদিকে ফিরে যাওয়া যাবে।
গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, গ্যাসের অভাবে যেমন গ্রাহকরা ভোগান্তিতে পড়ছেন, তেমনি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদনও কমে গেছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রগুলোও পর্যায়ক্রমে চালু করা হবে।
বিদ্যুৎের কথিত ‘ভূতুড়ে বিল’ প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ বলেন, এ ধরনের অভিযোগ উঠলেও অধিকাংশ ক্ষেত্রে গ্রাহকরা নির্দিষ্ট বিল যাচাইয়ের জন্য কর্তৃপক্ষের কাছে জমা দেন না। তার দাবি, বিদ্যুতের দাম বৃদ্ধি এবং গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারের ধরনও বিল বৃদ্ধির একটি কারণ হতে পারে।
ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠকের বিষয়ে মন্ত্রী জানান, এটি একটি নিয়মিত বৈঠক ছিল। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে। তিনি বলেন, ভারত থেকে বিদ্যমান পাইপলাইনের মাধ্যমে আরও বেশি ডিজেল সরবরাহের অনুরোধও জানানো হয়েছে।
শেখ হাসিনার সাম্প্রতিক সংবাদ সম্মেলন নিয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। তবে শেখ হাসিনার সমালোচনা করে তিনি দাবি করেন, তিনি দেশকে ক্ষতিগ্রস্ত করে গেছেন।