শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আগামী জুলাই মাস থেকে মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়মিত দেওয়া হবে। একই সঙ্গে গত দুই মাসের বকেয়া বেতনও জুলাই মাসেই পরিশোধ করা হবে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, গত সেপ্টেম্বর থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর মাধ্যমে প্রায় ১৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন শিক্ষকসংকট থাকায় এসব পদে নিয়োগ দেওয়া জরুরি ছিল এবং অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন হওয়ায় তা একটি ইতিবাচক উদ্যোগ ছিল।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেখা যায়, নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বেতন পরিশোধে প্রায় ৫০১ কোটি টাকার প্রয়োজন হলেও এ জন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ ছিল না। এ কারণেই গত দুই মাস মাদ্রাসা শিক্ষকদের বেতন পরিশোধে বিলম্ব হয়েছে। তবে জুলাই মাস থেকে বকেয়াসহ নিয়মিত বেতন দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
শিক্ষামন্ত্রী ইসলামী শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দল-মতের ঊর্ধ্বে উঠে আদর্শ ও মূল্যবোধভিত্তিক জীবন গড়ে তুলতে হবে এবং ইসলামের মূল শিক্ষাকে ধারণ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যক্ষ, শিক্ষক এবং দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।