বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, আগামী দুই মাসের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর প্রকল্প বর্তমানে কমিশনিং ও স্টার্ট-আপ পর্যায়ে রয়েছে। এটি বিদ্যুৎ উৎপাদন শুরুর আগের সর্বশেষ এবং সবচেয়ে জটিল ধাপ।
তিনি জানান, চলতি বছরের আগস্টের শেষ নাগাদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রথমবারের মতো প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।
ফকির মাহবুব আনাম বলেন, পারমাণবিক শক্তি থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হওয়া দেশের জ্বালানি খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে জ্বালানি নিরাপত্তা জোরদার হবে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সহজ হবে এবং পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার আরও সম্প্রসারিত হবে।