জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘নতুন বাংলাদেশ গড়ার এক সাহসী পরিকল্পনা’।
রোববার (২৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিনে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে তিনি বলেন, বাজেটকে ঘিরে নানা সমালোচনা থাকলেও এটি দেশের অর্থনীতি ও উন্নয়নের জন্য একটি দূরদর্শী পরিকল্পনা।
রকিবুল ইসলাম বকুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করেছিলেন এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ একটি উদীয়মান অর্থনীতিতে রূপ নেয়। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়ে এই বাজেট প্রণয়ন করেছে।
সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই সরকার বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং খাল খনন কর্মসূচির মতো পদক্ষেপ গ্রামীণ অর্থনীতি ও জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নিজ নির্বাচনি এলাকা খুলনা-৩-এর উন্নয়নের দাবি তুলে ধরে হুইপ বকুল বলেন, এ অঞ্চলের নিউজপ্রিন্ট মিল, জুট মিল, হার্ডবোর্ড মিলসহ বহু শিল্পপ্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এসব কারখানা পুনরায় চালু করা অথবা সেখানে নতুন অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলে প্রায় ২০ থেকে ২৫ হাজার বেকার শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।
এ ছাড়া খুলনা-৩ এলাকায় আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা, খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়ন, কৃষি বিশ্ববিদ্যালয় ও মহিলা ক্যাডেট কলেজ স্থাপন এবং বিভাগীয় স্টেডিয়ামের উন্নয়নের জন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার দাবি জানান তিনি।