নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে কিশোর গ্যাংয়ের প্রভাব ও এর মাধ্যমে সৃষ্ট বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে পুলিশের সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি চিলাহাটি জামে উলুম ফাজিল মাদ্রাসার কিছু শিক্ষার্থীকে নিয়ে কিশোর গ্যাংয়ের প্রভাবসংক্রান্ত সাংবাদিকদের প্রতিবেদনের পর বিষয়টি জেলা পুলিশ সুপারের নজরে আসে। পরে তাঁর নির্দেশক্রমে বৃহস্পতিবার (১ অক্টোবর) চিলাহাটি জামে উলুম ফাজিল মাদ্রাসা মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় কিশোর গ্যাংয়ের প্রভাবে সৃষ্ট সামাজিক অপরাধ, পারিবারিক অশান্তি, মাদক ও অনলাইন আসক্তি থেকে শিক্ষার্থীদের দূরে রাখা এবং তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিক। সভাপতিত্ব করেন চিলাহাটি জামে উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জাকির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে সাঈদ ইবনে সিদ্দিক বলেন, “কিশোর গ্যাং প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে সম্মিলিতভাবে দায়িত্ব নিতে হবে।
কিশোররা যেন অপরাধী চক্রের প্রভাব, মাদক ও অনলাইন আসক্তির দিকে না ঝুঁকে পড়ে, সেদিকে অভিভাবকদের বিশেষ নজর দিতে হবে। একই সঙ্গে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষামূলক পরিবেশে তাদের সম্পৃক্ত করতে হবে। অপরাধে জড়িত কিশোরদের আইনের আওতায় আনার পাশাপাশি সংশোধন ও পুনর্বাসনের উদ্যোগও জরুরি।”
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ জাকির হোসেন পুলিশকে এমন সচেতনতামূলক উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানান। তিনি শিক্ষার্থীদের কিশোর গ্যাংসহ যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান। পাশাপাশি সন্তানদের চলাফেরা ও কর্মকাণ্ডের প্রতি নজর রেখে তাদের সঠিকভাবে পরিচালনার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকসহ মাদ্রাসার সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।