চাকরির ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করিয়ে আনার কোনো পরিকল্পনা বর্তমান সরকারের নেই বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। প্রচলিত নিয়ম অনুযায়ী মেধার মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নর্থ সাউথ ইউনিভার্সিটির ফল সেমিস্টারের ফ্রেশার্স ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘চাকরির ভাইভাতে বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করিয়ে নিয়ে আসার কোনো পরিকল্পনা নেই বর্তমান সরকারের। প্রচলিত নিয়ম অনুযায়ী মেধাকে মূল্যায়ন করা হবে।’
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু চাকরি কিংবা পুঁথিগত বিদ্যাই সবকিছু নয়। দেশকে কিছু দেওয়ার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। শিক্ষার পাশাপাশি নৈতিকতা অর্জনের ওপরও গুরুত্ব দেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপব্যাখ্যা ছড়ানোর বিষয়ে সতর্ক করে পানিসম্পদমন্ত্রী বলেন, একটি শ্রেণি সামাজিক যোগাযোগমাধ্যমে অপব্যাখ্যা ছড়াচ্ছে। এতে জনগণ ও সরকার উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার যেন না হয়, সেদিকেও নজর রাখতে হবে।
দেশের গুরুত্বপূর্ণ পানি ব্যবস্থাপনা প্রকল্পের বিষয়ে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সরকার পদ্মা ব্যারাজ ও তিস্তা মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি।