প্রত্যাহার করা সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও দলটির গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
রোববার (২১ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
পোস্টে আবু হানিফ বলেন, সম্প্রতি সিলেটের মাজারের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে মন্তব্য করার কয়েক দিনের মধ্যেই সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে তিনি সিলেটে অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলেও উল্লেখ করেন।
তিনি দাবি করেন, পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় অতীতেও সারওয়ার আলমকে নানা ধরনের চাপ ও প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। একজন সৎ ও দেশপ্রেমিক কর্মকর্তা বারবার অসাধু চক্রের কাছে পরাজিত হচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
আবু হানিফ আরও বলেন, প্রশাসনে বদলি বা প্রত্যাহার একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও সারওয়ার আলমের ক্ষেত্রে বিষয়টি স্বাভাবিক বলে মনে করার সুযোগ নেই। তার ভাষ্য অনুযায়ী, মাজারের অব্যবস্থাপনা নিয়ে বক্তব্য দেওয়ার কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জনমনে ধারণা তৈরি হয়েছে।
তিনি সরকারের প্রতি সারওয়ার আলমকে পুনর্বহালের আহ্বান জানিয়ে বলেন, তা না হলে জনগণের মধ্যে প্রশ্ন উঠতে পারে যে সরকারও কি কোনো প্রভাবশালী সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে।