জাতীয় সংসদের বাজেট অধিবেশন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সোমবার সংসদ অধিবেশন শেষ হওয়ার পর দুজন একে অপরের সঙ্গে করমর্দন করেন এবং সংক্ষিপ্ত সময়ের জন্য শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় বিরোধীদলের অন্যান্য সংসদ সদস্যরাও প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময়ে অংশ নেন। অধিবেশন শেষে সংসদ কক্ষে এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়, যেখানে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় দেখা যায়।
এর আগে সকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়। অধিবেশনে বাজেটের ওপর আলোচনায় প্রথম বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বিভিন্ন অর্থনৈতিক ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিরোধী দলের অবস্থান তুলে ধরেন।
পরে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বাজেটের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন। তিনি সরকারের অর্থনৈতিক পরিকল্পনা, উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। অধিবেশন শেষে সরকার ও বিরোধী দলের শীর্ষ নেতাদের কুশল বিনিময় সংসদীয় সৌজন্য ও গণতান্ত্রিক সংস্কৃতির একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।