বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার রোববার (২১ জুন) শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম. এহসানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষা খাতে সহযোগিতা জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে পাকিস্তানের হাইকমিশনার শিক্ষামন্ত্রীকে ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’ উদ্যোগের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি যুব উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, ডিজিটাল লার্নিং, শারীরিক শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানের পারস্পরিক স্বীকৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন উভয় পক্ষ।
বৈঠক শেষে হাইকমিশনার পাকিস্তানের শিয়ালকোটে অবস্থিত খ্যাতনামা ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফরওয়ার্ড স্পোর্টসের তৈরি একটি ফুটবল শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এর আগে বাংলাদেশের সরকারি বিদ্যালয়গুলোতে বিতরণের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কাছে একই মানের এক হাজার ফুটবল প্রদান করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, এসব ফুটবল শিক্ষার্থীদের শারীরিক শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা ও খেলাধুলায় অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে। একই সঙ্গে ফুটবলের প্রতি তরুণদের আগ্রহ ও সম্পৃক্ততা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।
আলোচনার সময় ইমরান হায়দার উল্লেখ করেন, পাকিস্তানের শিয়ালকোট বিশ্বব্যাপী ফুটবল উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। ফিফা বিশ্বকাপের বিভিন্ন আসরের অফিসিয়াল ম্যাচ বলও সেখানে উৎপাদিত হয়েছে। এর মধ্যে ২০১৪ সালের ‘ব্রাজুকা’, ২০১৮ সালের ‘টেলস্টার’, ২০২২ সালের ‘আল-রিহলা’ এবং ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’ উল্লেখযোগ্য।
পাকিস্তানের হাইকমিশনারের এ উদ্যোগ ও উপহারের প্রশংসা করে শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম. এহসানুল হক মিলন বলেন, শিক্ষা ও যুব উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশাবাদী।