মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, মালয়েশিয়াগামী শ্রমিকদের কাছ থেকে সরকার নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায় করে মোট ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা আত্মসাতের ঘটনায় মাসুদ উদ্দিন চৌধুরীর সংশ্লিষ্টতা রয়েছে।
অভিযোগ অনুযায়ী, তিনি ও অন্যান্য আসামিরা সরকারি ক্ষমতার অপব্যবহার করে শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম করেন এবং অবৈধভাবে অর্থ আদায় করেন।
শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। দুদকের দাবি, আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের জন্য আসামিকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এ মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীসহ চারজনকে আসামি করা হয়েছে।