ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার বহিষ্কৃত ছাত্রশিবির নেতা জিসান মিয়া প্রধানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক তৈয়ব উদ্দিন এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা ও কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কর্মকর্তা শামছুল আলম শাহ জিসানকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১১ জুন জিসান মিয়া প্রধান নিখোঁজ হয়েছেন বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। পরদিন দাউদকান্দি মডেল থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে জেলার লাকসাম জংশন এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
একই দিন রাতে ২৫ বছর বয়সী এক নারী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মামলার গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের চেষ্টা করা হবে।