দেশের সবচেয়ে বড় প্রাথমিক বিদ্যালয়ভিত্তিক ক্রীড়া আয়োজন ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’-এর চূড়ান্ত পর্বে গ্যালারিতে বসে খুদে ফুটবলারদের খেলা উপভোগ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার বিকেলে স্টেডিয়ামে পৌঁছে তিনি শিক্ষার্থীদের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন। দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ধাপে ধাপে বাছাই শেষে চারটি বিদ্যালয়ের দল ফাইনালে জায়গা করে নেয়।
বালিকা বিভাগের ফাইনালে মুখোমুখি হয়েছে ময়মনসিংহের আচারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাবনার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এর আগে বালক বিভাগের ফাইনালে বরিশালের দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ময়মনসিংহের দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন জানান, গত ৬ এপ্রিল শুরু হওয়া এ টুর্নামেন্টে দেশের ৬৫ হাজার ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২২ লাখের বেশি শিক্ষার্থী অংশ নেয়। ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে সেরা দলগুলো চূড়ান্ত পর্বে উঠে আসে।
তিনি বলেন, তৃণমূল পর্যায়ে ফুটবল প্রতিভা বিকাশের এ উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারিত করা হবে এবং আগামী আসরে অন্তত ৫০ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।